ঢাকা    শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
বি এস নিউজ24

তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত সমাধানের দায় কার ?

তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, আক্রমণয়ে এর ভয়াবহতা ব্যাপক হারে বাড়ছে, সমাধানের দায় কার ? বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে লোডশেডিং এক ভয়াবহ রূপ ধারণ করেছে। দিনের পর দিন বিদ্যুৎ সংকটের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা চরম দুর্ভোগের মুখে পড়েছে। বিশেষ করে গ্রামাঞ্চল ও শহরতলিতে পরিস্থিতি আরও নাজুক। কোথাও কোথাও দিনে ১০ থেকে ১৫ বার বিদ্যুৎ আসা-যাওয়া করছে, যা মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে।গরমের এই সময়ে বিদ্যুৎ না থাকায় শিশু, বৃদ্ধ এবং অসুস্থ মানুষ সবচেয়ে বেশি কষ্টে পড়ছেন। শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে, ব্যবসা-বাণিজ্য মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং উৎপাদন খাতেও এর নেতিবাচক প্রভাব পড়ছে। ছোট ব্যবসায়ীরা বলছেন, বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় তাদের কাজ বন্ধ হয়ে যাচ্ছে, ফলে আয়ের পথ সংকুচিত হয়ে পড়েছে । এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠেছে এই ভোগান্তির দায়ভার কে নেবে ? বিদ্যুৎ সংকটের জন্য কি শুধুই জনগণ ভোগান্তি সহ্য করবে, নাকি এর দায়ভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্রহণ করবে? অনেকেই মনে করছেন, সরকার ও সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্ব হলো সমস্যার দ্রুত সমাধান করা এবং জনগণকে এই দুর্ভোগ থেকে রক্ষা করা । সমালোচকরা বলছেন, বিদ্যুৎ ব্যবস্থাপনায় পরিকল্পনার ঘাটতি, জ্বালানি সংকট এবং অব্যবস্থাপনাই এই পরিস্থিতির জন্য দায়ী। একই সঙ্গে তারা অভিযোগ করছেন, এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে সরকারদলীয় সংশ্লিষ্ট ব্যক্তিদের দৃশ্যমান উদ্যোগের অভাব রয়েছে। জনগণের প্রত্যাশা ছিল, সমস্যার দ্রুত সমাধানে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে, কিন্তু বাস্তবে তার প্রতিফলন খুব কমই দেখা যাচ্ছে । বিশেষজ্ঞরা মনে করছেন, বিদ্যুৎ সংকট নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার পাশাপাশি স্বল্পমেয়াদি কার্যকর পদক্ষেপ জরুরি। যেমন বিদ্যুৎ উৎপাদন বাড়ানো, বিকল্প জ্বালানির ব্যবহার বৃদ্ধি, সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং দুর্নীতি ও অপচয় রোধ করা । সবশেষে বলা যায়, বিদ্যুৎ শুধু একটি সেবা নয়, এটি মানুষের মৌলিক চাহিদার অংশ হয়ে দাঁড়িয়েছে। তাই এই সংকট নিরসনে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া সময়ের দাবি। অন্যথায় জনজীবনের এই ভোগান্তি আরও তীব্র আকার ধারণ করবে, যা সামগ্রিক অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে । 

তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত সমাধানের দায় কার ?