ঢাকা    মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
বি এস নিউজ24

হঠাৎ বেড়েছে মুহুরী নদীর পানি ফুলগাজীর মনিপুর গ্রামসহ আশেপাশের এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা

হঠাৎ বেড়েছে মুহুরী নদীর পানি,  ফুলগাজীর মনিপুর গ্রামসহ আশেপাশের এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা এবং বন্যার শঙ্কা, আতঙ্কে এলাকাবাসী। ফেনীর ফুলগাজী উপজেলার মনিপুর গ্রামে হঠাৎ করেই মুহুরী নদীর পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। নদীর পানি উপচে স্থানীয় সড়কের ওপর দিয়ে প্রবাহিত হয়ে আশপাশের ফসলি জমিতে ঢুকে পড়েছে এবং ধীরে ধীরে বসতবাড়ির দিকেও অগ্রসর হচ্ছে। আকস্মিক এ পানি বৃদ্ধিতে এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।স্থানীয়রা জানান অল্প সময়ের ব্যবধানে নদীর পানি আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় সড়ক তলিয়ে যেতে শুরু করেছে। পানির প্রবল স্রোতে চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি কৃষকদের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে অনেক নিচু জমিতে পানি প্রবেশ করায় আমন ধানের চারা ও অন্যান্য ফসল ক্ষতির মুখে পড়েছে।এলাকাবাসীর অভিযোগ পানি আরও বৃদ্ধি পেলে বসতবাড়িতে প্লাবন দেখা দিতে পারে। তারা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করেছেন । স্থানীয় বাসিন্দারা জানান প্রতি বছর বর্ষা মৌসুমে মুহুরী নদীর পানি বৃদ্ধি পেলেও এবার হঠাৎ করে পানি বেড়ে যাওয়ায় পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। তারা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এদিকে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে ফুলগাজী উপজেলার আরও কয়েকটি নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

হঠাৎ বেড়েছে মুহুরী নদীর পানি ফুলগাজীর মনিপুর গ্রামসহ আশেপাশের এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা